লন্ডনে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের ‘শেফ অব দ্য ইয়ার কুক-অফ’ প্রতিযোগীতা

মতিয়ার চৌধুরী,

  • প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৬:২০ অপরাহ্ণ

ওয়েষ্ট লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি রন্ধনশিল্পীদের অংশগ্রহণে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ) আয়োজিত ‘শেফ অব দ্য ইয়ার কুক-অফ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গেল মঙ্গলবার হ্যামারস্মিথ অ্যান্ড ফুলহ্যাম কলেজে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে নির্বাচিত ৫৫ জন চূড়ান্ত প্রতিযোগী অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন ১১ জন নারী শেফ।

এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘আজকের অর্জনকে সম্মান, আগামী দিনের সাফল্যের অনুপ্রেরণা’। আয়োজকদের মতে, রন্ধনশিল্পীদের দক্ষতা ও সৃজনশীলতা তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে এ পেশায় উৎসাহিত করাই আয়োজনটির অন্যতম উদ্দেশ্য।

বিসিএর সভাপতি অলি খান এমবিই বলেন, ‘শেফ অব দ্য ইয়ার কুক-অফ’ কেবল প্রতিযোগিতা নয়, এটি রন্ধনশিল্পের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। বিশেষ করে নারী শেফদের অংশগ্রহণকে তিনি স্বাগত জানান।

বিসিএ অ্যাওয়ার্ডস কনভেনার আতিক রহমান বলেন, প্রতিবছর এ প্রতিযোগিতার মান আরও উন্নত হচ্ছে। শত শত আবেদনের মধ্য থেকে চূড়ান্ত প্রতিযোগী নির্বাচন একটি কঠিন প্রক্রিয়া ছিল বলে তিনি উল্লেখ করেন। হ্যামারস্মিথ অ্যান্ড ফুলহ্যাম কলেজের আতিথেয়তা বিভাগের প্রধান বলেন, বিসিএর শেফদের কলেজে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত। প্রতিভা বিকাশ ও পেশাগত দক্ষতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিযোগিতার বিচারকার্যে রন্ধনশিল্প, হসপিটালিটি, ব্যবসা ও গণমাধ্যমের অভিজ্ঞ ব্যক্তিরা দায়িত্ব পালন করেন। বিচারকমণ্ডলীতে ছিলেন ওয়ার্ল্ড মাস্টার শেফ চানাকা ফার্নান্দো, এসওয়াই মেহর, এনটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সাবরিনা হোসাইন, টোটাল ফুডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউর রহমান এবং সাবিনা ইসলাম রহমান।

বিচারকেরা প্রতিযোগীদের রান্নার মান, কারিগরি দক্ষতা, সৃজনশীলতা ও পেশাগত সক্ষমতা মূল্যায়ন করেন।

প্রতিযোগিতার বিজয়ীদের আগামী ১ নভেম্বর পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেলে অনুষ্ঠিতব্য বার্ষিক বিসিএ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh