হোয়াইট হাউজের কাছে বন্দুক হামলায় নিহত ১, আহত ৪

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ


যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-তে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজের কাছেই বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। শহরের লোগান সার্কেল এলাকায় এই এলোপাতাড়ি গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, পুলিশি অভিযানের মুখে পড়ে সন্দেহভাজন বন্দুকধারী নিজেই নিজেকে গুলি করেন। পুলিশ পরে তার মারা যাওয়ার খবর জানিয়েছে।

সংবেদনশীল ওই এলাকায় এমন হামলায় হোয়াইট হাউজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের ১৬ কিলোমিটার উত্তরে ১৫তম স্ট্রিট ও পি স্ট্রিটের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত একটি ফিটনেস সেন্টারের ভেতরে-বাইরে বৃহস্পতিবার এই বন্দুক হামলা হয়।

এলাকাটিতে একটি ‘ভিডা ফিটনেস’ সেন্টার বা জিম, সেন্ট লিউক’স এপিসকোপাল চার্চ এবং বেশ কিছু আবাসন রয়েছে। এছাড়া মোড়ের ঠিক কাছেই রয়েছে একটি ‘হোল ফুডস’ সুপারমার্কেট।

তদন্তকারীদের ধারণা, হামলাকারী প্রথমে জিমের ভিতরে ঢুকে গুলি চালায় এবং পরে রাস্তায় বেরিয়ে এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পালটা জবাব দেয় পুলিশ।

নিরাপত্তারক্ষীদের আসতে দেখেই বন্দুকধারী নিজেকে গুলি করে। হামলাকারীকে ৫৫ বছর বয়সী ম্যাট ল্যাম্বার্ট নামের জরুরি বিভাগের (ইমার্জেন্সি রুম) একজন চিকিৎসক হিসেবে শনাক্ত করেছে পুলিশ।

ল্যাম্বার্ট হ্যান্ডগান দিয়ে জিমের ভেতরে তার ভবনের ম্যানেজারকে গুলি করে হত্যা করেন। এরপর তিনি ভবনে প্রবেশ করেন এবং তার সপ্তম তলার বারান্দা থেকে একটি রাইফেল দিয়ে আরও চারজনকে গুলি করেন।

পুলিশ জানিয়েছে, ল্যাম্বার্ট পরে নিজের অ্যাপার্টমেন্টের ভেতর থেকে দরজা আটকে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। তার ফ্ল্যাটে ছত্রাক জমার সমস্যা নিয়ে ভবন কর্তৃপক্ষের সঙ্গে তার দীর্ঘদিন ধরে আইনি বিবাদ চলছিল।

গুলির ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। নিরাপত্তার স্বার্থে আশপাশের স্কুলগুলোতেও জারি করা হয় লকডাউন।

১৫ নম্বর স্ট্রিটের ১৫০০ ব্লক এবং তার আশপাশের এলাকা এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে পুলিশ।

মার্কিন ফেডারেল ব্যুরো অফ অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস জানিয়েছে, তদন্ত ও নিরাপত্তা অভিযানে সহায়তার জন্য ঘটনাস্থলে এজেন্ট পাঠানো হয়েছে। হামলার নেপথ্যে কারা আছে এবং কী উদ্দেশ্যে এই গুলি চালানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

হামলার ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এটি কোনও সন্ত্রাসী হামলা কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হলেও প্রশাসন এখনও কোনও সরকারি বিবৃতি দেয়নি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh