সব
স্বদেশ বিদেশ ডট কম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধ এবং এসব অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সংশ্লিষ্ট জেলাগুলোতে গণশুনানির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা।
এ লক্ষ্যে প্রসিকিউশন ও তদন্ত সংস্থার একটি ঊর্ধ্বতন দল সংশ্লিষ্ট জেলাগুলোতে গণশুনানি আয়োজনের উদ্যোগ নিয়েছে। বুধবার চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত-নিহত ও ভিকটিম পরিবারের সদস্য, প্রেসক্লাবের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এসব গণশুনানি অনুষ্ঠিত হবে। এ আয়োজনের বিষয়ে বাংলাদেশ সরকার সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।
গণশুনানির আগে প্রতিটি জেলার সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সরকারি ব্যবস্থাপনায় মাইকিং এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচার-প্রচারণার ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ সমন্বয়ে গণশুনানি আয়োজন এবং আহত-নিহত ভিকটিম পরিবারগুলোকে এ বিষয়ে অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে পাঠানো চিঠির অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক এবং সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের মন্ত্রীদের একান্ত সচিবের কাছে পাঠানো হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, গণঅধিকার পরিষদ, জাতীয় প্রেসক্লাব ও জাতীয় মহিলা সংস্থার দায়িত্বশীল ব্যক্তিদের কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।