সব
স্বদেশ বিদেশ ডট কম

সিলেটে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন। রোববার ভোর রাতে জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি সীমান্তে তাকে গুলি করে ভারতীয় খাসিয়ার একটি দল।
নিহত ব্যক্তির নাম সালাম মিয়া ওরফে বেকা সালাম (৫৫)। তিনি জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি আদর্শ গ্রামের মছদ্দর আলী (আনসার) এর ছেলে। নিহতের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে নিজবাড়ি হতে বের হয়ে লাকড়ি কুড়াতে কুড়াতে ভুলবশত ভারতের সীমান্তের মেইন পিলার ১২৯৩-১২৯৪ এর মধ্যবর্তী স্থানে চলে গেলে ওঁৎ পেতে থাকা ভারতীয় খাসিয়া তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
মারা যাওয়ার পর চান্দঘাট বস্তির খাসিয়া তাকে দা দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে বাঁশের চাঙ্গায় তুলে বাংলাদেশ সীমান্তবর্তী সেলিম মিয়ার বাড়ীর পাশে ফেলে যায়। বিষয়টি দেখতে পেয়ে সেলিম জৈন্তাপুর সীমান্ত ফাঁড়ি ও জৈন্তাপুর মডেল থানাকে খবর দিলে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় সালামের লাশ উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার শরীরের পিঠে ও মাথায় সাতটি গুলির চিহ্ন রয়েছে এবং পায়ে বেশ কয়েকটি দায়ের কোপ দেখা যায়।
ঘটনার বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) গোলাম দস্তাগীর আহমেদ এ প্রতিবেদককে জানান, ঘটনার সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যায় থানা পুলিশ। লাশের সুরতহাল রিপোর্টকালে দেখা যায় তার মাথায় ও পিঠে গুলির আঘাত রয়েছে এবং পায়ের মধ্যে দায়ের বেশ কয়েকটি কোপ। এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অধিকতর তদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।