সব
বদরুল হক মনসুর,
৪০টি দলের অংশগ্রহণ, চ্যাম্পিয়ন ও রানার্সআপদের
হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা
যুক্তরাজ্যের ওয়েলসের নিউপোর্ট শহরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬। শুক্রবার (৩০ অক্টোবর) নিউপোর্টের মিলেনিয়াম সেন্টারে আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা ৪০টি দল অংশ নেয়।
কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ টুর্নামেন্টে সকাল ১২টা থেকে খেলা শুরু হয়। দিনভর একের পর এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে খেলোয়াড়দের নৈপুণ্য, দক্ষতা ও দৃষ্টিনন্দন শট দর্শকদের মুগ্ধ করে।
ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট ব্যবসায়ী মাবস নূরের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভাপতি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, নিউপোর্টের কাউন্সিলর সাহেদ আদনান, ওয়েলস এন্টারপ্রাইজ অ্যান্ড ডাইভার্সিটি স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং ওয়েলস কাউন্সিল ফর ভলান্টারি অ্যাকশনের ন্যাশনাল স্পোর্টস ডাইভার্সিটি ম্যানেজার রাজমা বেগম, কিড কেয়ার ফর ইউ-এর প্রতিষ্ঠাতা রুসনা বেগম, কিডফুডস ও মাস বাজারের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী সামসুন নাহার খোলি, এসডব্লিউবির চেয়ারম্যান ও কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের বোর্ড পরিচালক জিতু মিয়া এবং নিউপোর্ট মহিলা সংগঠনের সভানেত্রী আনোয়ারা বেগম।
এ ছাড়া উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস রিজিওনাল সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক রকিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মুখতার আহমেদ, সৈয়দ কাহের, শাহজাহান তালুকদার শাওন, এনামুল হোসেন সুয়েব, আজম সবুজসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্লাব কর্মকর্তা ও পরিচালকরা।
অনুষ্ঠানে অতিথি ও ক্লাব কর্মকর্তারা চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারী খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন সায়েম চৌধুরী, শাহ শাফী, আব্দুর রউফ তালুকদার, ফখরুল ইসলাম, রুহুল আমিন, ফয়সল রহমান, সায়দুল ইসলাম, আদিল হুসেইন, কামিল আহমেদ, নাজমুল ইসলাম, মাসুম কামালি, আতিকুল ইসলাম, সাজেল আহমেদ ও বদরুল ইসলাম রিপনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
বিভাগভিত্তিক ফলাফল
টুর্নামেন্টের ডিডি (D/D) বিভাগে নিউপোর্ট ও উইল্টশায়ারের সাঈদ-সুফি জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ব্রিস্টল ও প্লাইমাউথের নূর-মুহিত জুটি রানার্সআপ হয়। এ বিভাগে সেমিফাইনালে খেলেছে রিডিং ও ইস্টবোর্নের সামন-আলী এবং সুইন্ডনের ফরহাদ-শাহান জুটি।
ইই/ইই* (E/E*) বিভাগে প্লাইমাউথের নাহিদ-রানা জুটি চ্যাম্পিয়ন হয়। একই শহরের রস-মনজু জুটি রানার্সআপ হয়। এ বিভাগে সেমিফাইনালে অংশ নেয় বোর্নমাউথের খালিদ-ইমরান এবং প্লাইমাউথের সাইদুল-নূর জুটি।
আয়োজকরা জানান, খেলাধুলার সংস্কৃতির মাধ্যমে কমিউনিটির মানুষকে একত্রিত করা এবং পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ক্লাব কর্মকর্তারা। অনুষ্ঠানের খাবার প্রস্তুতের জন্য নিউপোর্টের কলকাতা রেস্টুরেন্টকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি ক্লাবের ব্যবস্থাপনা কমিটি, সদস্য, স্বেচ্ছাসেবক, খেলোয়াড়, অতিথি ও সহযোগী সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।
অনুষ্ঠানে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভাপতি ও প্রতিভা যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মকিস মনসুরসহ আমন্ত্রিত অতিথিরা কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং টুর্নামেন্টের বিজয়ীদের অভিনন্দন জানান। তাঁরা বলেন, খেলাধুলা বয়স, ধর্ম, বর্ণ ও সামাজিক অবস্থানের ঊর্ধ্বে উঠে মানুষকে একত্রিত করার শক্তিশালী মাধ্যম। তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দলগত ঐক্য, আত্মবিশ্বাস ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিতেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।