আজকের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ

সরকারি বাসা পুরোটা ভাড়া বা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল—এমন হুঁশিয়ারি দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে সরকারি আবাসন অধিদপ্তর। আজ ৩১ অক্টোবর শনিবারের মধ্যে ওই সব বাসা থেকে ভাড়াটেদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সেখানে বরাদ্দ পাওয়া সরকারি চাকরিজীবীকেই বসবাস করতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জাহিরুল ইসলাম খানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি পরিদর্শনে দেখা গেছে, বরাদ্দ পাওয়া কয়েকজন ব্যক্তি তাঁদের বাসা বা ফ্ল্যাটের এক বা একাধিক কক্ষ কিংবা পুরো বাসা অন্যদের কাছে ভাড়া বা সাবলেট দিয়েছেন। এ ধরনের কার্যক্রম বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থী।

এরই মধ্যে যাঁরা বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ কিংবা পুরোটা অন্যের কাছে ভাড়া বা সাবলেট দিয়েছেন, তাঁদের ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটে বা সাবলেটগ্রহীতাকে সরিয়ে দিয়ে বরাদ্দ পাওয়া বাসায় নিজে বসবাসের নির্দেশ দেওয়া হয়েছে। পরিদপ্তর সতর্ক করেছে, নির্ধারিত সময়ের পর কোনো বাসা বা ফ্ল্যাট ভাড়া বা সাবলেট দেওয়ার প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী আর কোনো নোটিশ ছাড়াই বরাদ্দ বাতিল করা হবে। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ বরাদ্দ বিধিমালার ১৪(৩) বিধি অনুযায়ী, সংশ্লিষ্ট বরাদ্দগ্রহীতার দপ্তরপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh