সব
স্বদেশ বিদেশ ডট কম

রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি আবাসিক কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।
গ্রুপটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েন এর সদস্যরা, যাঁদের মধ্যে জ্যোতিকা জ্যোতিও ছিলেন।
পরে ফেসবুক লাইভে এসে তিনি দাবি করেছিলেন, গ্রুপটির উদ্দেশ্য দেশ বা মানুষের ক্ষতি করা ছিল না; বরং আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে তথ্য আদান-প্রদান করা হতো। কোনো শিল্পী মানুষ হত্যার সমর্থন করতে পারেন না বলেও তখন মন্তব্য করেছিলেন তিনি।
ওই বিতর্কের জেরে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অফিস করতে গিয়ে সহকর্মীদের একাংশের বাধার মুখে কার্যালয় ত্যাগ করেন জ্যোতিকা জ্যোতি। সে সময় তিনি একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক দায়িত্বে ছিলেন।
পরে ২০২৪ সালের ১ অক্টোবর তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে কর্তৃপক্ষ। এছাড়া সর্বশেষ ২০২৬ সালের জুলাই মাসে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় একটি সংগঠন, যে তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও রয়েছে।