প্রধানমন্ত্রীর সহযাত্রী হলেন রিকশাচালক, কৃষক, মাঝি ও সবজি বিক্রেতা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩, ৪:২৮ অপরাহ্ণ


বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা মানেই নতুন কিছু, মানুষের মনের কাছাকাছি নতুন কিছু একটা করা। তেমনই পদ্মাসেতুর ওপর রেল চলাচলের উদ্বোধনের সময় তিনি সহযাত্রী করেছেন বীর মুক্তিযোদ্ধার পাশাপাশি রিকশাচালক, কৃষক, মাঝি, বাসচালক, সবজি বিক্রেতা, পাটকল শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৫০ জন যাত্রীকে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সহযাত্রীদের মধ্যে ছিলেন চারজন বীর মুক্তিযোদ্ধা, চারজন প্রাথমিকের শিক্ষার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুইজন প্রতিনিধি, একজন করে প্রাথমিক শিক্ষক, মাদরাসা শিক্ষক, সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী ও খ্রিস্টান ধর্মাবলম্বী, একজন করে রিকশাচালক, নারী কৃষক, ফেরিচালক, মাঝি, মেট্রোরেল কন্ট্রোলার, টিটিই, ট্রেনচালক, স্টেশন মাস্টার, ওয়েম্যান, বাসচালক, হকার, সবজি বিক্রেতা এবং পাটকল শ্রমিক।

এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নানা পেশাজীবীদের প্রতিনিধিরাও সঙ্গে ছিলেন। এর মধ্যে ছিলেন জেলা আনসার ও ভিডিপির একজন, ফায়ার সার্ভিস, পুলিশ, স্কাউট, বিএনসিসি, র‌্যাব, রেল পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড ও আরএনবির একজন করে প্রতিনিধি।

উত্তাল পদ্মার ওপর রেলযাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গে যাত্রী হতে পেরে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। বঙ্গবন্ধুকন্যার সঙ্গে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার আনন্দ ছিল তাদের চোখে-মুখে। তারা বলছিলেন, সবাইকে সমানভাবে দেখার যে মহত্ব প্রধানমন্ত্রী দেখিয়েছেন সেটা অনবদ্য। সবার সমান সুযোগ নিশ্চিত করায় ও মানুষকে কাছে টেনে নেওয়ার এক অনন্য ক্ষমতা আছে প্রধানমন্ত্রীর, সেটাই তিনি বারবার দেখিয়ে চলেছেন।

পদ্মার ওপর দিয়ে সড়ক যোগাযোগ চালুর ১৫ মাসের ব্যবধানে চালু হলো ট্রেন চলাচল। মঙ্গলবার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে উপস্থিত হয়ে এই রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরের মানুষ প্রথমবারের মতো রেল যোগাযোগের আওতায় আসছে।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh